মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৫ পূর্বাহ্ন
আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি : ঢাকা জেলার সাভার উপজেলা এলাকার ইয়ারপুর ইউনিয়ন পরিষদের সেবা গ্রহীতারা হাতের নাগালে সহজে সেবা পেয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন।
সেবা নিতে আসা অনেকেই বলেন, এই ইউনিয়নে ট্রেড লাইসেন্স, নাগরিক সনদ, জন্ম নিবন্ধন ও মৃত্যু সনদসহ সকল সেবাই অল্প সময়ের মধ্যে পাচ্ছে নাগরিকরা। আগের মত দিনের পর দিন ঘুরে ভোগান্তি পোহাতে হয় না কাউকে।
সেবা নিতে আসা নরসিংহপুর এলাকার বাসিন্দা খায়রুল কবির বলেন, বিগত সরকারের আমলে ইউনিয়ন পরিষদের নাগরিক সেবা প্রত্যাশীদের অনেক ভোগান্তি পোহাতে হয়েছে। ৫ই আগস্টের আগে বেশিরভাগ সময় এই ইউনিয়নে চেয়ারম্যান ইউনিয়ন পরিষদে বসে রাজনৈতিক কর্মকাণ্ডই পরিচালনা করতো। তাই সেবা প্রত্যাশীরা এসে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকে অনেকে বিরক্ত হয়ে চলে যেতো। বর্তমানে আমরা অল্প সময়ে সেবা পেয়ে অনেকটাই খুশি। সেবার মান অনেকটাই ভালো। এ সময় খাইরুল কবির প্রতিবেদক’কে বলেন, আরো অনেক লোক আছে এখানে আপনি তাদের সাথে কথা বলে দেখতে পারেন আমি আশা করি তারাও আমার মত অল্প সময়ের মধ্যে কোন ভোগান্তি ছাড়াই সেবা পেয়েছেন।
ইউপি সচিব মোঃ আফজাল হোসেন তিনি বলেন, সরকার আমাকে মানুষের কল্যাণে কাজ করার জন্য এখানে দায়িত্ব দিয়েছেন। আমি ইউনিয়নের সকল বাসিন্দাদেরকে তাদের সময় ও চাহিদা মত ইউনিয়ন পরিষদের সেবা দিয়ে যাচ্ছি। আমার কাছে কেউ আসলে অল্প সময়ের মধ্যে তার কাজটা করে দেওয়ার চেষ্টা করি। জন্ম নিবন্ধন যথাযথ কাগজপত্র অনলাইনে জমা প্রদানের পর তিন কর্মদিবসের মধ্যেই জন্ম নিবন্ধনের কাগজ হাতে পৌঁছে দেওয়া হয়। ট্রেড লাইসেন্স, মৃত্যু সনদ, নাগরিক সনদসহ পরিষদের সকল প্রকার সেবা নিশ্চিতের লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি।
এদিকে ট্রেড লাইসেন্স নিতে আসা আশফাক চৌধুরী ও নাগরিক সনদ নিতে আসা ৬০ বছর বয়সী বৃদ্ধ মো: সোলাইমানসহ অনেকেই বর্তমান ইউনিয়ন পরিষদে দায়িত্ব প্রাপ্ত সচিব মো: আফজাল হোসেনকে দায়িত্বশীল ও পরোপকারী বলে উল্লেখ করেন।
উল্লেখ্য, ৫ আগস্টের পর বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তন হওয়ায় তৎকালীন আওয়ামী লীগ সরকারের অধীনে অধিকাংশ ইউপি চেয়ারম্যান পালিয়ে যায়। বাংলাদেশের অসংখ্য ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের পদ শূন্য দেখা দেয়। বাংলাদেশের আইন অনুযায়ী প্যানেল চেয়ারম্যান-০১ কে চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়। অথবা উপজেলার কোনো কর্মকর্তাকে প্রশাসক হিসেবে দায়িত্ব দেওয়া হয়। তার অগ্রভাগে দায়িত্ব পালন করেন ইউপি সচিবরা।